ডেভিডের হ্যাটট্রিকে বিশ্বকাপে প্রথম জয় কানাডার
- আপডেট সময় : ১১:৪২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 16
১৯৮৬ বিশ্বকাপে অভিষেক। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপেও অংশগ্রহণ। কিন্তু দুটি বিশ্বকাপ খেলেও জয়ের দেখা পায়নি কানাডা। হেরেছে ৬ ম্যাচ। অবশেষে ঘরের মাঠের বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় পেল কানাডা। বিশ্বমঞ্চে আজ তারা হারিয়েছে কাতারকে।
শুক্রবার ভোরে (বাংলাদেশ সময়) বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে কাতারকে ৬-০ গোলে হারায় কানাডা। প্রথমার্ধে ৩-০ গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার কাতারের জাল কাঁপান জনাথন ডেভিড, স্টিফেন উস্তাকুইয়োরা।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন জুভেন্টাসে খেলা জনাথন ডেভিড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে আয়োজক দেশের কোনো খেলোয়াড় এই প্রথম হ্যাটট্রিক করলেন। ১৯৬৬ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহাসিক ৪-২ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন জিওফ হার্স্ট।
ঐতিহাসিক এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কানাডা। আগের রাতে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল সুইজারল্যান্ড। দুই দলের সমান পয়েন্ট হলেও গোলগড়ে চূড়ায় বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা।
সমান খেলায় একটি করে পয়েন্ট বসনিয়া ও কাতারের। এর অর্থ হলো গ্রুপ পর্বের শেষ খেলায় সুইজারল্যান্ডের সঙ্গে এক পয়েন্ট আদায় করে নিতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত করবে কানাডা।
ফিফা র্যাঙ্কিয়ে ৩০তম দল কানাডা। তাদের চেয়ে ২৬ ধাপ পিছিয়ে থাকা কাতার এদিন টরন্টোর ভ্যানকুভার স্টেডিয়ামে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ম্যাচে দুটি লাল কার্ড হজম করায় আরও পিছিয়ে পড়ে মরুর বুকের দলটি।
ম্যাচে ৭৯ শতাংশ বল দখলে ছিল কানাডার। কাতারকে হতাশায় ডোবানো ম্যাচে ৩৩ শট নেয় জেসি মার্শের দল। যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায় ৯৭বার বলে পা ছুঁইয়েছেন কানাডার খেলোয়াড়েরা। বিপরীতে ২১ শতাংশ বল দখলে রাখা কাতার স্রেফ দুটি শট নেয়। দুটিই ছিল অফ টার্গেটে।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম ড্রয়ের স্বাদ পায় কানাডা। উদ্বোধনী ম্যাচে বসনিয়ার সঙ্গে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এবার দলটির সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি। সেজন্য শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের চাই এক পয়েন্ট।
কানাডার সামনে ওই ম্যাচে উজ্জীবিত রশদও আছে। শেষ খেলায় ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। সেক্ষেত্রে রাউন্ড অব ৩২-এ ঘরের মাঠে ম্যাচ পড়বে কানাডার।


























হামের টিকা: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন