রাজধানীতে আবারও ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা নেই
- আপডেট সময় : ১০:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 186
রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শনিবার, ২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকা। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল নরসিংদীতে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। তবে এতে হতাহতের কোনো তথ্যা পাওয়া যায়নি। সন্ধ্যায় আবহাওয়া অফিস দেয়া থেকে দেয়া তাৎক্ষণিক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে সাভার বাইপাইল এলাকায় আরও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
এদিকে গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। সাধারণত ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা আফটারশকের সম্ভাবনা থাকে। তবে শুক্রবারের এ ভূমিকম্পে আফটারশকের কোনো আশঙ্কা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান
শুক্রবার (২১ নভেম্বর) হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীর ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ। তার দেওয়া তথ্যমতে, মালিবাগ চৌধুরী পাড়ায় ১টি, আরমানিটোলায় ১টি, সূত্রাপুরের স্বামীবাগে ১টি, বনানীতে ১টি, কলাবাগানে ১টি, বসুন্ধরায় ১টি, নর্দ্দা এলাকায় ১টি, দক্ষিণ বনশ্রীতে ১টি, মোহাম্মদপুরে ১টি, খিলগাঁও এলাকায় ২টি, বাড্ডা এলাকায় ১টি, মগবাজারের মধুবাগে ১টি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ১টি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘এটি মধ্যম বা মডারেট মাত্রার ভূমিকম্প ছিল। শক্তি খুব বেশি নয়, তবে অনুভূতি প্রবল হয়। এ ধরনের ভূমিকম্পে কখনো কখনো আফটার শক হতে পারে, তবে এবার এমন আশঙ্কা নেই।’
তিনি আরও বলেন, ‘মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু ক্ষেত্রে আফটারশক দেখা গেলেও তা সব সময় তীব্র বা ঝুঁকিপূর্ণ হয় না।’
তবে এর একদিন পর আজ পর পর দুবার ভূমিকম্প অনুভূত হলো। সকাল সাড়ে ১০টায় হলো সাভার এলাকায় এবং সন্ধ্যা ৬টার পর আবারও রাজধানীতে দু’বার ভূমিকম্প অনুভূত হলো।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে ২৮ মে দিবাগত রাতে ভারতের মণিপুরের মোইরাং শহরের কাছে আরেকটি ভূমিকম্পের কম্পন বাংলাদেশেও অনুভূত হয়।




















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী