মেসি-রোনালদোর ট্রফির লড়াই, কে কতটা এগিয়ে
- আপডেট সময় : ১২:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 8
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথে নতুন করে আলোচনায় এসেছে শিরোপার হিসাব। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইন্টার মায়ামির হয়ে ক্যাম্পেওনেস কাপ জয়ের পর মেসির আনুষ্ঠানিক শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮-এ। অন্যদিকে আল নাসরের হয়ে ২০২৫–২৬ মৌসুমে সৌদি প্রো লিগ জেতা রোনালদোর ঝুলিতে এখন ৩৮টি ট্রফি। অর্থাৎ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দুই মহাতারকার ব্যবধান ১০ শিরোপার।
মেসির শিরোপার সংগ্রহে বড় পরিবর্তন এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সাফল্যের পর। ২০২১ সালের কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ট্রফির অপেক্ষা ঘোচান তিনি। এরপর ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয় তার ট্রফির সংখ্যা আরও বাড়িয়ে দেয়। এর সঙ্গে যোগ হয়েছে ২০২২ সালের ফিনালিসিমা এবং আগের অলিম্পিক ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপাও।
ক্লাব ফুটবলেও মেসির সাফল্যের তালিকা দীর্ঘ। বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৫টি শিরোপা। পিএসজিতে যোগ হয় আরও তিনটি। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত চারটি ট্রফি জিতেছেন তিনি। লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড, এমএলএস কাপ ও সর্বশেষ ক্যাম্পেওনেস কাপ।
তবে মেসির শিরোপার সংখ্যা নিয়ে কোথাও কোথাও ৪৯টি ও বলা হচ্ছে। এর পেছনে রয়েছে ২০২৫ সালের ইস্টার্ন কনফারেন্স শিরোপা গণনার পার্থক্য। কেউ এটিকে মেসির দলীয় ট্রফির সঙ্গে যোগ করেন, আবার কেউ করেন না। কারণ কনফারেন্স চ্যাম্পিয়ন হওয়া আর এমএলএস কাপ জেতা এক বিষয় নয়। ২০২৫ সালে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্স জয়ের পর এমএলএস কাপও জিতেছিল।
মেসির সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ ক্যারিয়ার গড়া রোনালদোর পথ অবশ্য আলাদা। ইউরোপের ফুটবল ছেড়ে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পর্তুগিজ তারকা। সেখানে গোলের ধারাবাহিকতা ধরে রাখলেও শিরোপা জয়ের দিক থেকে সময়টা তার জন্য মেসির মতো সমৃদ্ধ হয়নি। আল নাসরের হয়ে তার ট্রফির তালিকায় যোগ হয়েছে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ ও ২০২৫–২৬ মৌসুমের সৌদি প্রো লিগ।
রোনালদোর ক্যারিয়ারের বড় অংশজুড়ে অবশ্য রয়েছে ইউরোপের অসংখ্য সাফল্য। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০টি, রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি এবং জুভেন্টাসের হয়ে পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। স্পোর্টিং লিসবনের একটি ট্রফির সঙ্গে পর্তুগাল জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬ এবং দুটি নেশন্স লিগের শিরোপাও আছে তার শোকেসে।
সব মিলিয়ে আনুষ্ঠানিক শিরোপার হিসাবে মেসি এখন ৪৮টি নিয়ে সবার ওপরে। তার পরেই আছেন দানি আলভেস, ৪৩টি শিরোপা নিয়ে। আর রোনালদোর ঝুলিতে রয়েছে ৩৮টি। ফলে ব্যক্তিগত পুরস্কার, গোল কিংবা রেকর্ডের পাশাপাশি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে মেসি-রোনালদোর আলোচনায় শিরোপার এই ব্যবধানও এখন বড় একটি সংখ্যা হয়ে দাঁড়িয়েছে।
মেসির ৪৮ শিরোপা
বার্সেলোনা—৩৫: লা লিগা ১০, কোপা দেল রে ৭, স্প্যানিশ সুপার কাপ ৮, চ্যাম্পিয়নস লিগ ৪, ইউরোপিয়ান সুপার কাপ ৩, ক্লাব বিশ্বকাপ ৩।
পিএসজি—৩: ফরাসি লিগ ২, ফরাসি সুপার কাপ ১।
ইন্টার মায়ামি—৪: লিগস কাপ ২০২৩, সাপোর্টার্স শিল্ড ২০২৪, এমএলএস কাপ ২০২৫, ক্যাম্পেওনেস কাপ ২০২৬।
আর্জেন্টিনা—৬: বিশ্বকাপ ২০২২, কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, ফিনালিসিমা ২০২২, অলিম্পিক ২০০৮, ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০০৫।
রোনালদোর ৩৮ শিরোপা
স্পোর্টিং লিসবন—১: পর্তুগিজ সুপার কাপ ১।
ম্যানচেস্টার ইউনাইটেড—১০: প্রিমিয়ার লিগ ৩, চ্যাম্পিয়নস লিগ ১, ক্লাব বিশ্বকাপ ১, এফএ কাপ ১, কমিউনিটি শিল্ড ২, লিগ কাপ ২।
রিয়াল মাদ্রিদ—১৬: চ্যাম্পিয়নস লিগ ৪, লা লিগা ২, কোপা দেল রে ২, ক্লাব বিশ্বকাপ ৩, ইউরোপিয়ান সুপার কাপ ৩, স্প্যানিশ সুপার কাপ ২।
জুভেন্টাস—৫: সিরি আ ২, কোপা ইতালিয়া ১, ইতালিয়ান সুপার কাপ ২।
আল নাসর—২: আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৩, সৌদি প্রো লিগ ২০২৫–২৬।
পর্তুগাল—৩: ইউরো ২০১৬, নেশন্স লিগ ২০১৯ ও ২০২৫।

























সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর