তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট
- আপডেট সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 103
সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়ায়। যেখানে গত সপ্তাহজুড়ে তাপমাত্রা ছিলো এক অঙ্কে। আজ আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
দিনের তাপমাত্রা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে দেশের তিন বিভাগে ঘুন কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রাজধানীতেও আজ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতা ছিল ৭৬ শতাংশ
এছাড়াও রাজশাহীতে আজ সকাল ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতা ছিল ৯৮ শতাংশ।
সেই সঙ্গে সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা; রংপুরে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, বগুড়া ১৫ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদী ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস , চুয়াডাঙ্গা ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে (মৌলভীবাজার) ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজশাহীতে জেঁকে বসেছে শীত। সকাল থেকেই মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা নগরজীবন। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে শুরু হয় ঘন কুয়াশা। দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল প্রকৃতি। সারা দিনেও সূর্যের মুখ দেখা যায়নি বলে শীত অনুভূত হয়েছে। গতকাল রাত ১১টা থেকে রাজশাহীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। বইতে থাকে ঠাণ্ডা বাতাস।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীতে আজ সকাল ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের গতি ছিলো ৩ নটিক্যাল মাইল। আর্দ্রতা ৯৮ শতাংশ। তাতে শীতের অনুভূতি বেড়েছে। ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। আর এ কারণে বেড়েছে শীতের দাপট।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তরের হিমেল হাওয়া বইছে অবিরত। রাতে ছিল হিমেল বাতাস, সেইসঙ্গে কুয়াশায় ঢেকে ছিল চারদিক। সকালে সূর্যের দেখা না মেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নআয়ের মানুষের।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, শুক্রবারের তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। শুক্রবার সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বেড়েছে রাজশাহীতে, যা আরও কয়েকদিন বইতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
এদিকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এদিন কুয়াশা না থাকলেও সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আর্দ্রতা বেশি থাকায় ঠান্ডার অনুভূতি ছিল তীব্র।
গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার (১৫ ডিসেম্বর) ও রোববার (১৪ ডিসেম্বর) নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) ও শনিবার (১৩ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১১ ডিসেম্বর। সেদিন পারদ নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।





















এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ