কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর ভয়াবহ হামলায় নিহত ৪৩
- আপডেট সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 40
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএল (আইএসআইএস)-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীর এক ভয়াবহ হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির সেনাবাহিনী এই রক্তপাতের তথ্য নিশ্চিত করেছে।
আঞ্চলিক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস চিকুদি এনগোঙ্গো জানান, আগের দিন ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায় এই হামলা চালানো হয়। এতে অন্তত ৪৩ জন নাগরিক নিহত হওয়ার পাশাপাশি ৪৪টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এবং আইএসআইএলের প্রতি আনুগত্য ঘোষণাকারী ‘অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এডিএফ) গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করেছে কর্তৃপক্ষ।
মামবাসার প্রশাসনিক কর্মকর্তা বাপতিস্তে মুনিয়াপান্ডি জানিয়েছেন, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় নেতা ক্রিশ্চিয়ান আলিমাসির দেওয়া তথ্যমতে, হামলায় বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি কিছু মানুষকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং অনেকেই নিজের ঘরে আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া হামলাকারীরা দুইজনকে অপহরণ করে নিয়ে গেছে।
কঙ্গোর সেনাবাহিনী বর্তমানে পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে গিয়ে এডিএফকে দমনে হিমশিম খাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রুয়ান্ডা-সমর্থিত এম২৩ গোষ্ঠী, যারা গত বছর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমাসহ বেশ কয়েকটি বড় শহর দখল করে নিয়েছিল। ডিআর কঙ্গোয় এডিএফ যোদ্ধাদের সঠিক সংখ্যা অজানা থাকলেও ওই অঞ্চলে তাদের জোরালো উপস্থিতি রয়েছে। ২০২১ সালে কঙ্গো ও উগান্ডার যৌথ সামরিক অভিযান শুরু হলেও সাম্প্রতিক মাসগুলোতে ইতুরি ও পার্শ্ববর্তী নর্থ কিভু প্রদেশে বেসামরিক নাগরিকদের ওপর এডিএফের হামলা বেড়েছে। গত বছর পাশের একটি এলাকায় গোষ্ঠীটি ৬৬ জনকে হত্যা এবং আরও কয়েকজনকে অপহরণ করেছিল।
সেনা মুখপাত্র এনগোঙ্গো উল্লেখ করেন, এডিএফ সরাসরি সেনাবাহিনীর সঙ্গে লড়াই এড়িয়ে চলে এবং শান্তি প্রচেষ্টা নস্যাৎ ও প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইট-এর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে পূর্ব কঙ্গোয় বেসামরিকদের ওপর সংঘটিত মোট সহিংসতার প্রায় এক-চতুর্থাংশের জন্যই এডিএফ দায়ী। সূত্র: আলজাজিরা























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ