হাসিনার মতো অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে: আমীর খসরু
- আপডেট সময় : ১০:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 161
শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকার নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, ‘যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারা সেই কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে। শেখ হাসিনা সংবিধান, আইন মানত না। এখনো কোনো কোনো রাজনৈতিক দল সংবিধান, আইন মানতে চায় না।’
আমীর খসরু বলেন, নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি ও অনেক কথা শোনা যাচ্ছে। যাদের যে কাজ করার এখতিয়ার নাই তারা সে কাজ করলে তা হবে বেআইনি ও অগণতান্ত্রিক।
তিনি বলেন, ঐকমত্যের বাইরে গিয়ে রাস্তায় কর্মসূচি বা আন্দোলন করে নির্বাচন পেছাতে চাইলে তা মেনে নেবে না বিএনপি। এ সময়, নতুন নতুন শর্ত এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র না করতে কিছু কিছু রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বর্তমান পরিস্থিতিকে গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশকে মুক্ত করতে সবাইকে বাঁচতে হবে। হাসিনামুক্ত করলেই হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাঁচিয়ে আনতে হবে।’
কেউ কেউ বলছেন ২০২৯ সালে নির্বাচন হবে, এ তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর: রিজভী
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি, চাকরি দেবে জনগণ। সিদ্ধান্ত জনগণের কাছে।’ তিনি তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের ফলাফল না পাওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।’
বিএনপি ক্ষমতায় এলে কী করবে, সেই পরিকল্পনাও তুলে ধরেন আমীর খসরু। তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে বিএনপি স্বাস্থ্য, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেবে। শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করবে।’
তিনি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভবিষ্যতে ১ ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে বাংলাদেশ।’ একইসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে।
কঠিন সময়ে দলের ভূমিকার কথা বলতে গিয়ে তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে তারেক রহমান বিএনপিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। এর সঙ্গে তৃণমূলের বিএনপির কর্মীদের এগিয়ে আসতে হবে।’






















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী