আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: মির্জা ফখরুল
- আপডেট সময় : ১১:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 8
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, নির্যাতন সহ্য করে এবং অনেক প্রাণ ও কারাবরণের বিনিময়েও আমরা মাথা নোয়াইনি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিজয় ছিনিয়ে আনার পর এখন নতুন করে বাংলাদেশ গড়ে তোলার সময় ও সুযোগ সৃষ্টি হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর গণজাগরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আলোকিত লালমনিরহাট গড়ার যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে, তা মূলত বাংলাদেশ বিনির্মাণেরই একটি অংশ। মাদকের আগ্রাসনে যুবকদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না। জনগণকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র উপায়। তিনি মাদক, যৌতুক ও জুয়াকে না বলার আহ্বান জানিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন, এই সামাজিক আন্দোলন যেন গোটা দেশে ছড়িয়ে পড়ে। এছাড়া ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দৃঢ়তার সাথে বলেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যা তিস্তাপাড়ের মানুষের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানসহ বহু কর্মসূচি শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ দমন করে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ ও স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করা হবে।
‘আলোকিত লালমনিরহাট’-এর এই গণজাগরণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আলোকিত লালমনিরহাটের সভাপতি ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এজেড জাহিদ হাসান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত তিন মন্ত্রী ও সংসদ সদস্যদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এমটি হোসেন মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে গিয়ে শেষ হয়।























আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: মির্জা ফখরুল