জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন
- আপডেট সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬
- / 7
জামাল মুসিয়ালাকে ছাড়াই নতুন মৌসুমের প্রথম শিরোপা নিজেদের করে নিল বায়ার্ন মিউনিখ। চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জিতেছে বাভারিয়ানরা।
এই জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতাটিতে নিজেদের ১২তম শিরোপা ঘরে তুলল ক্লাবটি। সাধারণত বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ী দলের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়; তবে আগের মৌসুমে দুটি শিরোপাই বায়ার্নের দখলে থাকায় বুন্দেসলিগার রানার্সআপ ডর্টমুন্ডের মুখোমুখি হয় তারা।
প্রাক-মৌসুমের এক প্রীতি ম্যাচে মাঠে হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তরুণ জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ফলে ভিনসেন্ট কোম্পানির দলের এই ম্যাচে তিনি ছিলেন না।
তবে ক্লাবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে তার স্নায়বিক সমস্যাটি চলতি মৌসুমে খেলায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কেবল সতর্কতা হিসেবেই তাঁকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল।
ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বায়ার্ন।
ম্যাচের আধঘণ্টা না পেরোতেই ফ্রাঙ্কফুর্ট থেকে নতুন আসা নাথানিয়েল ব্রাউনের গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে মাইকেল ওলিসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাভারিয়ানরা।
ম্যাচের ৭৪তম মিনিটে ফাবিও সিলভা একটি গোল পরিশোধ করে বরুসিয়া ডর্টমুন্ডকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সে আর কোনো বিপদে পড়তে হয়নি তাদের। উল্টো ম্যাচের ৯০তম মিনিটে রামি বেনসেবাইনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক ডর্টমুন্ড। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
























হরমুজ প্রণালিতে সার্ভিস ফি বসাচ্ছে ইরান