জিদানের প্রথম ফ্রান্স স্কোয়াডে ৫ নতুন
- আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 5
দিদিয়ের দেশমের অধ্যায় শেষ হয়েছে। এবার ফ্রান্সের ডাগআউটে জিনেদিন জিদান। বহুল প্রতীক্ষিত সেই অধ্যায়ের শুরুটা হলো চমক দিয়েই। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করে পাঁচ নতুন মুখকে জায়গা দিয়েছেন ফরাসি কিংবদন্তি।
তবে আস্থা রেখেছেন দলের পরিচিত মুখদের ওপরও। ২৩ সদস্যের দলে স্বাভাবিকভাবে আছেন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের মতো তারকারা।
ফিফা বিশ্বকাপের পর দেশমের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম দল ঘোষণা করলেন জিদান। ২০২৬-২৭ উয়েফা নেশনস লিগ সামনে রেখে চার ম্যাচের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল ঘটিয়েছেন নতুন কোচ।
সাম্প্রতিক বিশ্বকাপে খেলা ১৫ জন আছেন এই দলে। অধিনায়ক এমবাপের সঙ্গে আছেন সর্বশেষ ব্যালন ডি অরজয়ী দেম্বেলে ও বায়ার্ন মিউনিখের উইঙ্গার ওলিসে। নেশনস লিগের ‘এ’ লিগে ফ্রান্সের গ্রুপে আছে তুরস্ক, বেলজিয়াম ও ইতালি।
জিদানের দলে নজর কেড়েছে নতুনদের উপস্থিতিই। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন লিভারপুল ডিফেন্ডার জেরেমি জাকে। উইলিয়াম সালিবা না থাকায় রক্ষণে তার ওপর ভরসা রেখেছেন জিদান।
এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন তুলুজের গোলকিপার গিলেম রেস্ত ও ইন্টার মিলানের ফুলব্যাক অ্যান্ডি দিউফও।
মাঝমাঠে জায়গা পেয়েছেন কোমোর প্লেমেকার লুকা দা কুনহা। আক্রমণভাগে নতুন মুখ রেঁনের এস্তেবান লেপল। গত মৌসুমে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতা হয়ে নজর কেড়েছিলেন এই ফরোয়ার্ড।
নতুনদের জায়গা করে দিতে গিয়ে কয়েকজন পরিচিত মুখকে অবশ্য বাদ দিয়েছেন জিদান। দলে নেই ফ্রান্সের দীর্ঘদিনের ভরসা এনগোলো কন্তে, লুকাস হার্নান্দেজ ও লুকাস দিগনে। আর্সেনালের সেন্টারব্যাক সালিবাও এবার স্কোয়াডে নেই।
সব মিলিয়ে প্রথম স্কোয়াডেই যেন নিজের বার্তা স্পষ্ট করে দিয়েছেন জিদান- অতীতের সাফল্যের ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের দল গড়তে চান তিনি। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশিয়ে ইউরো ২০২৮ সামনে রেখে নতুন কাঠামো তৈরির কাজ শুরু করেছেন ফ্রান্সের নতুন কোচ।
জিদান-যুগের প্রথম পরীক্ষা আগামী শুক্রবার। কোচ হিসেবে অভিষেক ম্যাচে ফ্রান্স তুরস্কের বিপক্ষে খেলবে কোকায়েলিতে। এরপর ২৮ সেপ্টেম্বর ব্রাসেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।
এরপর ঘরের মাঠে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ২ অক্টোবর স্তাদ দ্য ফ্রান্সে ইতালির বিপক্ষে খেলবে ফ্রান্স। ৫ অক্টোবর একই ভেন্যুতে আবার মুখোমুখি হবে বেলজিয়ামের।
জিদানের প্রথম স্কোয়াডেই তাই কৌতূহলের কমতি নেই। নতুন কোচের অধীনে ফ্রান্সের চেহারা কেমন হয়, সেটিই এখন দেখার।


























৯ম পে-স্কেল, কোন গ্রেডে বেতন বাড়ল কত?