শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি

- আপডেট সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 85
সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দক্ষ পুরুষ কর্মীরা। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন এসডিএন বিএইচডিতে দুটি পদে মোট ১১২ জন কর্মী নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে কর্মী নেয়া হবে। উভয় পদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
আবেদনে যেসব যোগ্যতা প্রয়োজন
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ পদের জন্য ইংরেজিতে পড়া, লেখা ও যোগাযোগের দক্ষতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি মাইক্রোসফট এক্সেলসহ কম্পিউটারের মৌলিক জ্ঞান এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে।
প্রার্থীকে প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই দায়িত্ব পালনের সক্ষমতা, কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং বহুজাতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে ইংরেজিতে দেয়া লিখিত ও মৌখিক নির্দেশনা বুঝে কাজ করা এবং একাধিক দায়িত্ব সামলানোর দক্ষতা প্রয়োজন। সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়্যারহাউজে কাজ করার মতো শারীরিক সক্ষমতাও থাকতে হবে।
এ ছাড়া ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। তবে ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ভোকেশনাল, পলিটেকনিক কিংবা স্নাতক ডিগ্রিধারীদের বিশেষ গুরুত্ব দেয়া হবে।
এ পদের প্রার্থীদের ওয়্যারহাউজের নেটওয়ার্ক ক্যাবলিং, র্যাকিং এবং আইটি সরঞ্জাম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি মাইক্রোসফট এক্সেলে কাজ করার সক্ষমতা বাধ্যতামূলক। ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর পড়ে বোঝার যোগ্যতাও থাকতে হবে।
চাকরির মেয়াদ ও অন্যান্য সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তিতে উভয় পদের প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। চাকরির চুক্তির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। কোম্পানির প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের সুযোগ থাকবে।
নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করা হবে। আবেদনকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীরা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। এ ছাড়া দেশে কিংবা বিদেশে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রে পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে জমা দিতে হবে।
আবেদনের নির্ধারিত লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
সাক্ষাৎকারে প্রয়োজনীয় কাগজপত্র
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে হবে। একাধিক পাসপোর্ট থাকলে সব পাসপোর্টের রঙিন ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
এ ছাড়া হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে। সিভিতে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, বিশেষ করে মাইক্রোসফট এক্সেলে পারদর্শিতা, গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্সের তথ্য এবং আগে বিদেশে অথবা ওয়্যারহাউজে কাজের অভিজ্ঞতা থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
নিয়োগে অর্থ লেনদেন না করার নির্দেশনা
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন, সাক্ষাৎকারে অংশগ্রহণ কিংবা চূড়ান্ত নির্বাচন কোনোভাবেই চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়। নিয়োগ প্রক্রিয়া ও প্রার্থী নির্বাচনের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
কর্মী নিয়োগ ও নির্বাচন পরীক্ষা নিয়োগকর্তা অথবা তার প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করা হবে। নির্বাচিত কর্মীদের কোনো পর্যায়েই অর্থ ব্যয় করতে হবে না। তাই নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
























