রাজধানীর সড়কে ৩ যাত্রীবাহী বাসে আগুন
- আপডেট সময় : ১১:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 10
রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১১ নম্বরের পর এবার মধ্য বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মধ্য বাড্ডার এইমস হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মধ্য বাড্ডার এইমস হাসপাতালের কাছে ওই যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কি না, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি।
এর আগে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আধা ঘণ্টার ব্যবধানে মিরপুর-১ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে অভিজাত পরিবহনের আরও একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে শনিবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে ওই ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিল্লাল নামে এক রিকশাচালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর অংশ হিসেবে রাজধানীজুড়ে অন্তত দুইশ’র বেশি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশের টহলও। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে রাজধানীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ স্থানেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।























‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জবাব চাই’