অভিষেকে রেকর্ড গড়ে সাকিব খানের ৭ উইকেট

- আপডেট সময় : ১২:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 3
পাকিস্তানের তিন ব্যাটারের পর এবার বল হাতেও আলো ছড়ালেন অভিষিক্ত পেসার। দুর্দান্ত বোলিংয়ে অভিষেকে রেকর্ডই গড়লেন সাকিব খান। শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ১৩০ রানে তিনি নিলেন ৭ উইকেট।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের চতুর্থ দিন নিজেদের প্রথম ইনিংসে ৪৪৬ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের ৪৩৪ রানের জবাবে ১২ রানের লিড পেয়েছে তারা।
সফরকারীদের গুঁড়িয়ে দেওয়ার পথে পাকিস্তানের পেসারদের মধ্যে অভিষেক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন সাকিব।
একই মাঠে ১৯৯৬ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন জাহিদ। আর সাকিব পেলেন প্রথম ইনিংসেই।
জাহিদ ও সাকিব ছাড়া পাকিস্তানের আর কোনো পেসার অভিষেক টেস্টের কোনো ইনিংসে ৭ উইকেট নিতে পারেননি।
সব মিলিয়ে পাকিস্তানের হয়ে অভিষেকে ৭ উইকেট নেওয়া চতুর্থ বোলার সাকিব। নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৯৬৯ সালে ৯৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার মোহাম্মদ নাজির। ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে ১১৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন লেগ স্পিনার আবরার আহমেদ।
৪ উইকেটে ৪০৪ রান নিয়ে চতুর্থ দিন শুরুর পর সাকিবের তোপেই সাড়ে চারশর আগে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এদিন ছয় উইকেটের পাঁচটিই নেন ৩১ বছর বয়সী পেসার।
সাকিবের আগে অভিষেকে ব্যাট হাতে আলো ছড়ান তৈয়ব আরিফ (৫৭), মোহাম্মদ তাহা (৫১) ও আরাফাত মিনহাস (৫২)।


























