ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

- আপডেট সময় : ০১:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 4
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। পরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় কাছের রামোন বিমানবন্দর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ দশমিক ৫ মাইল দক্ষিণে। ভূমিকম্পটির ভূগর্ভস্থ উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রামোন বিমানবন্দরে সামান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে যায়। এছাড়া ইলাত ও আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দেয় হোম ফ্রন্ট কমান্ড।
ভূমিকম্পের পর নিরাপত্তা নিশ্চিত করতে ‘পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা’ করার কথা জানিয়ে সাময়িকভাবে রামোন বিমানবন্দর বন্ধ করে দেয় ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পরিদর্শন ও অবকাঠামো পরীক্ষা শেষ হওয়ার পর বিমানবন্দরটির পূর্ণাঙ্গ কার্যক্রম আবার শুরু হয়েছে।
দেশটিতে ভূমিকম্পের বছর ২০২৭
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড বুধবার জানায়, ২০২৭ সালকে ইতোমধ্যে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। একটি বড় ভূমিকম্প মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি জোরদার করতে ‘বিস্তৃত জাতীয় পরিকল্পনা’ এগিয়ে নেয়ার কথাও জানিয়েছে হোম ফ্রন্ট কমান্ড।
বিবৃতিতে বলা হয়, ‘২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময়ে কমান্ডের নেতৃত্বে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হবে, যার সমাপ্তি ঘটবে একটি বড় জাতীয় মহড়ার মধ্য দিয়ে।’
সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, প্রস্তুতির ক্ষেত্রে তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। এগুলো হলো- প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতি জোরদার করা; কমান্ডের সক্ষমতা বৃদ্ধি এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সামর্থ্য উন্নত করা; পাশাপাশি বড় ভূমিকম্পের পরিণতি মোকাবিলায় আইডিএফের প্রস্তুতি আরও শক্তিশালী করা।


























