জুলাই সনদ স্বাক্ষর ইতিবাচক উদ্যোগ: রিজভী
- আপডেট সময় : ০৪:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 36
আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (শুক্রবার) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাস করলে এই বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব।’
সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য রেখেছেন। তাঁর কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। যেসব ব্যক্তি অপরাধ করেছেন বা নির্যাতন চালিয়েছেন, তাদের বিচারের কথা বলেছেন তিনি — তাও আইনসঙ্গত উপায়ে।
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে : দুদু
বিএনপির এই নেতা আরও বলেন, তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, সেখানে জাতীয় ঐক্যের আহ্বানই মুখ্য। দেশের সুশীল সমাজ, পেশাজীবী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তাঁর এই বক্তব্য ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
কৃষি খাতের প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষি নিয়ে কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের কৃষকেরা আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এ বিষয়ে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (অ্যাব) কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, অ্যাব এমন একটি নীতিমালা প্রণয়ন করবে, যাতে কৃষকদের স্বার্থরক্ষা হয় এবং দেশের জনগণ উপকৃত হয়। এই দিকনির্দেশনা ও প্রেরণা আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকেই এসেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নবগঠিত অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।






















অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই