যুদ্ধবিরতির সুযোগে সামরিক শক্তি আরও বাড়াচ্ছে ইরান
- আপডেট সময় : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, রোববার, ৫ জুলাই ২০২৬
- / 7
চলমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করছে ইরান। এমনটিই জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
শত্রুর যেকোনো ভুলের ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে বলেও কড়া সতর্কবার্তা দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী এই কর্মকর্তা।
ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া জানান, বর্তমানে সংঘাত বন্ধ থাকার এই সুযোগকে সশস্ত্র বাহিনীর শক্তি বাড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা একটি মুহূর্তও নষ্ট করব না।’
শত্রুদের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘শত্রুরা যদি কোনো ধরনের ভুল করে, তবে তারা নিশ্চিতভাবেই ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক বিধ্বংসী ও চূড়ান্ত জবাবের মুখোমুখি হবে।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দিকের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা শুরু করে ইরানও।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক স্থাপনা, জ্বালানি স্থাপনা এবং বেসামরিক নানা অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ভয়াবহ এই হামলাগুলোতে দেশটিতে তিন হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সূত্র: আল-জাজিরা
























অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই