৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি
- আপডেট সময় : ১১:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 44
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি।
এবার নিবন্ধনের জন্য দেশীয় পর্যবেক্ষক সংস্থার নির্ধারিত সময়সীমার (১০ আগস্ট) মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। নির্ধারিত সময়ের পর আরো ১৩টি আবেদন আসে। এসংক্রান্ত যাচাই-বাছাই কমিটি এসব আবেদন পর্যালোচনা করে ৭৩টি সংস্থাকে নিবন্ধনের জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয়। কিন্তু এর মধ্যেও অনেক পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি উঠলে সেটা ২৭ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। শেষ পর্যন্ত ৭টি সংস্থা বাদ পড়ে এবং এখন চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬টি।
অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা না হলে রাষ্ট্র ব্যর্থ হবে: ফখরুল
এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।
এক-এগারো সরকারের সময় ড. এ টি এম. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো ২০০৮ সালে পর্যবেক্ষক নিবন্ধন চালু করে। তখন ১৩৮টি দেশীয় সংস্থাকে অনুমোদন দেয়া হয়েছিল।
নীতিমালা অনুযায়ী, পর্যবেক্ষক সংস্থাগুলোর ভোট পর্যবেক্ষণের পর প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় নির্বাচন কমিশন। এজন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি-যার অংশ হিসেবে চলছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রমও।

























আর্জেন্টিনার বিপক্ষে মিসরের দ্বিতীয় গোল বাতিল