আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন
- আপডেট সময় : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 58
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমী পূজা ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গার বিদায় ঘটবে। বিজয়া দশমী আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর)। সকালে সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন।
বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেয়া হবে। হিন্দুশাস্ত্র মতে, এবার দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে।
হিন্দু শাস্ত্রমতে, মহানবমীতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেন। নীলকণ্ঠ ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিত পূজা। শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দশভুজা দেবী দুর্গার পূজা করা হয় এই দিনে। নীল অপরাজিতা ফুলও মহানবমীর পূজায় একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। যজ্ঞে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে দেবীর কাছে আহুতি দেওয়া হয়।
প্রতিমা বিসর্জনে রাজধানীতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে: ডিএমপি কমিশনার
পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে আজকের বিসর্জনের মধ্য দিয়ে। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশনা দিয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়া বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।
উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। পাঁচ দিনব্যাপী এ শারদীয় উৎসবের জন্য অপেক্ষা করতে হবে এক বছর।
পুরাণ মতে, বিজয়া দশমীর অন্যতম আয়োজন ‘দেবীবরণ’। রীতি অনুযায়ী, সধবা নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গাকে সিঁদুর ছোঁয়ান। দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ানোর পর সেই সিঁদুর প্রথমে সিঁথিতে মাখান, পরে একে অন্যের সিঁথি ও মুখে মাখেন। মুখ রঙিন করে হাসিমুখে দেবীকে বিদায় জানান, যা সিঁদুর খেলা নামে পরিচিত।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, দেশ ও জাতির মঙ্গল কামনায় আজ প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটে গিয়ে শেষ হবে।
বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। গতকালও ছিল সাধারণ ছুটি। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করছেন।
উল্লেখ্য, এবছর সারাদেশে ৩৩,৩৫৫টি পূজামণ্ডপ হয়েছে। এর মধ্যে রাজধানীতে মণ্ডপ ২৫৯টি।























ডেঙ্গু নিয়ে ভয়াবহ আশঙ্কা: সামনে কি বড় বিপদ?