নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 42
আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের কোনো সদস্য কোনো দলকে সহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে হলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারো কোনোরকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে জিডি করে রাখা হতো, শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: উপদেষ্টা মাহফুজ
নির্বাচনের আগে পুলিশ রদবদল হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা জড়িত ছিলেন, তাদের ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করা হবে। প্রথমত, যারা তিনটি নির্বাচনের সঙ্গেই জড়িত ছিল, তাদের বাদ দেওয়া হবে। এরপর দেখা হবে যারা দুটির সঙ্গে জড়িত ছিল। যেহেতু নতুন লোক রিক্রুট করে নতুন ওসি নিয়ে আসা সম্ভব নয়, তাই লোকবলের একটি লিমিটেশন আছে। যদি কেউ একটি নির্বাচনের সঙ্গে জড়িত থাকে কিন্তু তার বিরুদ্ধে কোনো রিপোর্ট না থাকে, তাকে হয়ত ব্যবহার করতে হবে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করছে সরকার। পাশের দেশে পালিয়ে যাওয়া পুলিশের কর্মকর্তাদের দেশে আনার উদ্যোগ চলছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিট্রেসি ক্ষমতা এখনও বহাল আছে। নির্বাচনে তা থাকবে কি না তা এখনই বলা যাবে না।
এসময় তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিশৃঙ্খলার শঙ্কা থাকলেও তেমনটি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বক্তব্যগুলোর অনেক সময় সত্যতা থাকে না। কিন্তু সাংবাদিকদের বক্তব্য সত্যি থাকে। সেজন্য সাংবাদিকদের অনুরোধ করবো উস্কানিমূলক বক্তব্যগুলো সাংবাদিকরা বেশি প্রতিহত করতে পারেন, যদি আপনারা সত্য সংবাদটা দিয়ে দেন। কোনো ধরনের সন্দেহ থাকলে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
























তরুণদের গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান