শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০৩:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 120
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয়নি। ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে, ভারত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই বলে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তার স্ত্রী (ডা. জুবাইদা রহমান) সম্ভবত ঢাকায় পৌঁছেছেন।
একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
এসময় পিছিয়ে পড়া রংপুরের প্রত্নতাত্ত্বিকসহ সবক্ষেত্রে নেয়ার ব্যাপারে ইতিবাচক সরকারের সদিচ্ছার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পিছিয়ে পড়া উত্তরবঙ্গের উন্নতির জন্য আলোচনা হবে, ব্যবসা বাণিজ্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা হচ্ছে।
হত্যাযজ্ঞে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হবে: শফিকুল আলম
আরাকান আর্মির হাতে জেলেদের আটকের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, আরাকান আর্মিরা কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়। তাই চাইলে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব হয় না। তবে আমাদের স্বার্থ জড়িত থাকায় বিষয়টি দেখা হচ্ছে। সবকিছু প্রকাশ করা যায় না, তবে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে বা কম ঘটে- সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের কথা ছিল। সরকার সেটি নীলফামারীতে করার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা করা হয়েছে এমনভাবে, যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত, ভুটানসহ অন্যান্য দেশের মানুষও এখান থেকে চিকিৎসা নিতে পারে। রংপুর অঞ্চলে কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য কম, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে।
এদিকে চার দিনের সফরে রংপুরে এসে আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। আগামীকাল শনিবার সকালে তিনি রংপুর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন বিকেলে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।




















