ট্রাম্প-ইনফান্তিনোর বৈঠক, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর
- আপডেট সময় : ০৩:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 67
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও চলমান সংঘাতের মধ্যেও ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্র সফরে যেতে পারবে—এমন আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ট্রাম্প ইরান দলের অংশগ্রহণে সম্মতি দিয়েছেন। ডেইলি মেইলের প্রতিবেদন।
মঙ্গলবার রাতে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। বৈঠকের পর তিনি জানান, আলোচনায় ইরানের বর্তমান পরিস্থিতি এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়টিও উঠে এসেছে।
ইনফান্তিনোর ভাষ্য অনুযায়ী, আলোচনার সময় ট্রাম্প বলেছেন, ইরান দল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে এলে তাদের স্বাগত জানানো হবে। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসর মানুষকে একত্রিত করার সুযোগ তৈরি করে, বিশেষ করে এমন উত্তেজনাপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এই আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইনগলউডে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে।
নিউক্যাসলকে থামাল বার্সেলোনা, স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার
তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইরানের কয়েকজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, চলমান উত্তেজনার কারণে দলের যুক্তরাষ্ট্র সফর নিয়ে জটিলতা দেখা দিতে পারে।
এর আগে ট্রাম্প প্রশাসনের সময় ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রথম পর্যায়ে ইরানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ফলে ইরানি সমর্থকদের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ দেখার বিষয়টিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
এদিকে ফিফা কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী উত্তেজনা থাকলেও বিশ্বকাপ আয়োজন পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ফিফার বিশ্বকাপ পরিচালনা বিভাগের প্রধান হাইমো শিরগি বলেন, পরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সময়ের সঙ্গে এর সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্বকাপ এত বড় একটি আয়োজন যে এটি স্থগিত করার প্রশ্নই ওঠে না। যেসব দল যোগ্যতা অর্জন করেছে, তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন ফিফার প্রধান লক্ষ্য।
ফিফা সভাপতি ইনফান্তিনোও মনে করেন, এমন সময় বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আয়োজন মানুষের মধ্যে সংযোগ ও ঐক্য তৈরি করতে পারে। তাই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে সহযোগিতার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।























তেলের বাজারে বড় উত্থান, একলাফে ১০৭ ডলার