তাপপ্রবাহের পর স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস
- আপডেট সময় : ১১:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 69
সারাদেশে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই দেশের ৯টি জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া পরিস্থিতি। আগামী ২৬-২৭ এপ্রিল থেকে দেশজুড়ে শক্তিশালী একটি ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা ও রাজশাহীসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো— ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি বলয়টি ২৬ বা ২৭ এপ্রিল শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি ৭ বা ৮ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত বিরতিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এসব পূর্বাভাস দিয়েছে। বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে সিলেট বিভাগে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এটি অধিক সক্রিয় থাকার সম্ভাবনা আছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়ে কেবল বৃষ্টিই নয়, দেশের বেশ কিছু জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়াতে পারে। তাই এই সময়ে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে বৃষ্টি বলয়টি সক্রিয় হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে মে মাসের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল): রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলমান তাপপ্রবাহ অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার: এই দুই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ২৪ এপ্রিল থেকে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল): বৃষ্টির আওতা আরও বেড়ে রাজশাহী বিভাগেও দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যা তপ্ত জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে।























সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার