টাইব্রেকারে জিতে শেষ আটে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড
- আপডেট সময় : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 14
মঙ্গলবার রাতে শেষ আটে ওঠার শেষ লড়াইয়ে মাঠে নামে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও কোন দল পায়নি গোলের দেখা। এরপর টাইব্রেকারে কলম্বিয়াকে কাঁদিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড।
কানাডার ভ্যানকুভার স্টেডিয়ামে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় সুইজারল্যান্ড। এই জয়ে ১৯৫৪ বিশ্বকাপের পর ফের কোয়ার্টার ফাইনালে উঠল দলটি। ৭২ বছর পর শেষ আটে উঠে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্জেন্টিনাকে।
ফলে শেষ চারে ওঠার ম্যাচে আর্জেন্টিনাকে মোকাবিলা করবে সুইজারল্যান্ড। ম্যাচটি হবে আগামী রোববার, বাংলাদেশ সময় সকাল ৭টায়। এর আগে শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে লিওনেল মেসি ব্রিগেড।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও দুই গোলকিপার ছিলেন অবিশ্বাস্য। দারুণ কিছু সেভ দিয়ে ম্যাচ সেরাও হয়েছেন সুইস গোলকিপার গ্রেগর কোবেল। ২১ মিনিটে চমৎকার আক্রমণ করে কলম্বিয়া। বক্সের সামনে ডান দিকের উপরের কোণা থেকে বাঁকানো শটে গুস্তাভো পুয়ের্তা জাল খুঁজে নিচ্ছিলেন প্রায়, শেষ মুহূর্তে সুইজারল্যান্ড গোলকিপার গ্রেগর কোবেল লাফিয়ে বল বাইরে ঠেলে দেন। পরে হামেস রদ্রিগেজের কর্নারও ক্লিয়ার করেন তিনি।
প্রথমার্ধের পানি পান বিরতির পর গুছিয়ে ওঠে সুইজারল্যান্ড। ৩১ মিনিটে প্রতিপক্ষের গোলকিপার অবিশ্বাস্য সেভ না দিলে এগিয়ে যেতে পারত তারা। সুবিধাজনক স্থানে বল পেয়ে যান ফ্যাবিয়ান রাইডার। এরপর ডি বক্সের বাম দিক দিয়ে ভেতরে ঢুকে কামিলো ভারগাসের সঙ্গে ওয়ান-অন-ওয়ান অবস্থায় এই উইঙ্গার শট নিলেও ভারগাস তা চমৎকারভাবে প্রতিহত করেন।
গোলশূন্য বিরতির পর কলম্বিয়ার রক্ষণে চাপ বাড়ায় সুইজারল্যান্ড। ৫১ মিনিটে অল্পের জন্য গোল পায়নি সুইসরা! পোস্ট থেকে প্রায় ২০ গজ দূরে রাইডার সানচেজের ট্যাকলে পড়ে যান, উঠে দাঁড়িয়ে ফের জোরাল শট নিলে সাইড-নেটে লাগে।
কলম্বিয়াও এসময় কম যায়নি। ৬৩ মিনিটে বক্সের সামনে বল পেয়ে যান লুইস সুয়ারেজ, দূরের পোস্টে ছিলেন গোলকিপার, কিন্তু কাছের পোস্ট ফাঁকা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ড।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচের সবচেয়ে সেরা সুযোগটা হারায় সুইজারল্যান্ড। ম্যানুয়েল আকানজি ডি-বক্সের ভেতরে একটি থ্রু বল দেন, ড্যান এনডয়ে দ্রুতগতিতে বল নিয়ন্ত্রণে নেন, কিন্তু তাঁর শটটি গোলপোস্টের সামনে দিয়ে বাইরে চলে যায়।
শেষ পর্যন্ত অবশ্য নির্ধারিত সময়ে গোল পায়নি কোনো দল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে শুরু থেকে সুইসদের ওপর চাপ ধরে রাখে কলম্বিয়া। ১০১ মিনিটের মাথায় সুইজারল্যান্ড গোলকিপার দুর্দান্ত সেভে গোলবঞ্চিত রাখেন কাম্পাজকে। ডান দিক থেকে ভেতরে ঢুকে একটি চমৎকার নিচু শট নেন কলম্বিয়ান ফরোয়ার্ড, দেখে মনে হচ্ছিল কাছের পোস্টে যাবে, কিন্তু কোবেল প্রায় ভলিবলের মতো করে ঘুষি মেরে তা বাইরে পাঠিয়ে দেন।
এরপর অতিরিক্ত সময়েও কোনো দলকে আলাদা করা যায়নি। পেনাল্টি শুটআউটে জিতেই শেষ দল হিসেবে বিশ্বকাপের শেষ আটে জায়াগ করে নেয় সুইজারল্যান্ড।


























সেন্টমার্টিনে বেড়েছে পানির উচ্চতা, আতঙ্কে দ্বীপবাসী