অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার: তথ্য উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 2
সরকার অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময়, যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায় তাদের সতর্ক করেন ডা. জাহেদ। জানান, অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে এবং এ সপ্তাহেই এর প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি বলেন, পুলিশ ও প্রশাসনে থাকা গণঅভ্যুত্থানে হত্যা ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ১৭ বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করলে সমস্যা নেই। কিন্তু আইন লঙ্ঘন করে কোনো কিছু করা যাবে না।
তথ্য উপদেষ্টা জানান, কোনো মন্ত্রী ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে, দফতর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এটি সরকারের ১৮০ দিনের পরে নাকি আরও সময় লাগবে, সেটি নিশ্চিত করেননি তিনি।
তথ্য উপদেষ্টা জানান, আগামী আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
এছাড়া, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ১ বছরেও ঘোষিত ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করে ডা. জাহেদ জানান, সরকার যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।
তিনি আরও জানান, যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেয়া হচ্ছে। নতুন জায়গায় নতুন করে এই ভাস্কর্য তৈরি করা হবে।





















অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার: তথ্য উপদেষ্টা