রশিদের বীরত্বে বিশ্বকাপে আফগানিস্তান
- আপডেট সময় : ০১:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 9
রশিদ খানের দুর্দান্ত পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপে জায়গাও নিশ্চিত করেছে আফগানরা। এটি হবে বিশ্বকাপে তাদের টানা চতুর্থ অংশগ্রহণ।
বেলফাস্টে আয়ারল্যান্ডের দেওয়া ২০৭ রানের লক্ষ্য ৩১ বল হাতে রেখেই টপকে যায় আফগানিস্তান। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ৪৩ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে আফগানদের জয়ের নায়ক রশিদ।
সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। স্বাগতিকদের শুরুতেই ধাক্কা দেন ফজল হক ফারুকি। দলীয় ১৯ রানে অ্যান্ড্রু বালবির্নির উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেট পল স্টার্লিং ও কেইড কারমাইকেল ৪৪ রানের জুটি গড়েন।
ইয়ামিন আহমদজাইয়ের বলে ২৩ রান করে ফেরেন স্টার্লিং। এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আয়ারল্যান্ড। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কারমাইকেল। এরপর এএম গাজানফার দুই ওভারে দুই উইকেট নিয়ে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারকে বিদায় করেন।
২১.৩ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। সেই চাপ আরও বাড়িয়ে দেন রশিদ। তার বলে বোল্ড হন হ্যারি টেক্টর। এক পর্যায়ে ১২৮ রানে ৮ উইকেট হারায় স্বাগতিকরা। তবে গ্যাভিন হোয়ে ও জাই মুনদ্রার নবম উইকেটের জুটি আয়ারল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। নবম উইকেটে দুজন যোগ করেন মূল্যবান ৭৬ রান।
শেষ পর্যন্ত আয়ারল্যান্ড অলআউট হয় ২০৬ রানে। আফগানিস্তানের হয়ে গাজানফার ও রশিদ নেন তিনটি করে উইকেট।
২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান। প্রথম উইকেট জুটিতে ৫৩ রান এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। জাদরান ১২ রানে আউট হলেও হাফ সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। তার ব্যাট থেকে আসে ৭৭ বলে ৭১ রান।
মার্ক অ্যাডায়ারের বলে আজমতউল্লাহ ওমরজাই আউট হওয়ার সময় আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৩০ রান। হাতে ছিল মাত্র তিন উইকেট। তখনই ব্যাট হাতে দায়িত্ব নেন রশিদ খান।
এক প্রান্তে ইয়ামিন আহমদজাই ধরে ধরে ব্যাট করছিলেন, অন্য প্রান্তে রশিদ চালিয়ে যাচ্ছিলেন রান তোলার কাজ। অষ্টম উইকেটের সন্ধানে মরিয়া আয়ারল্যান্ড আর কোনো সাফল্য পায়নি। রশিদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
আয়ারল্যান্ডের হয়ে গ্যাভিন হোয়ে ৪ উইকেট নেন। তবে শেষ পর্যন্ত রশিদের ৩৭ রানের অপরাজিত ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
এই জয়ে টানা চতুর্থবারের মতো ওয়ানেডে বিশ্বকাপে জায়গা করে নিল আফগানিস্তান। কাল সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দুই দল। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাঁতছাড়া হবে স্বাগতিক আয়ারল্যান্ডের।


























রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ