কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২
- আপডেট সময় : ০১:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 7
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৭০ জন। ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে জানা গেছে। খবর সিএনএনের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) ভোরে কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।
ভূমিকম্পের কম্পন দেশটির বিভিন্ন বড় শহরেও অনুভূত হয়। সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশে। কফি উৎপাদনের জন্য পরিচিত এ অঞ্চলের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো জানিয়েছেন, সেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
দেশটির অন্যতম বড় শহর ক্যালিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র আলেহান্দ্রো এদের জানিয়েছেন, অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে। এর মধ্যে ১০টি ভবনে উদ্ধার অভিযান চলছে। তবে ক্যালিতে প্রাণহানির সংখ্যা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ক্যালিতে উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা হুয়ান কার্লোস অসোরিও বলেন, একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ভূমিকম্পের শব্দকে তিনি বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। তবে ভারী যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে।
রিসারালদা প্রদেশের রাজধানী পেরেইরাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি ভবনের ফাটল ধরা অংশ ধসে পড়তে দেখা গেছে। এতে রাস্তায় থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ম্যানিজালেস শহরের একটি নব্য-গথিক ক্যাথেড্রালের ওপরের টাওয়ারগুলোর একটি ভূমিকম্পে ধসে পড়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের চোকো প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রদেশটির গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি জানিয়েছেন, রাজধানী কুইবদোতে প্রাণহানি ও হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বাসিন্দাদের পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কারণে আরও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই বড় ধরনের এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে কলম্বিয়া।


























রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ