ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী ঘোষণা করবে বিএনপি
- আপডেট সময় : ১১:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 4
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান শেষে আগামী ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এমনটা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলনকৃত মনোনয়নপত্র জমা নেয়া হবে।
এ ছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের (দলের জাতীয় স্থায়ী কমিটি) সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।
এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে বিএনপি। জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। এ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা একটি প্রচারপত্র ঢাকাসহ সারা দেশে বিতরণ করা হবে।
রুহুল কবির রিজভী বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমসহ রেডিও-টেলিভিশনে সচেতনতামূলক পদক্ষেপ প্রচার করা হবে। সেই সঙ্গে স্কুল, মাদরাসা ও হাটবাজারে যাতে আবর্জনা রাখার জন্য বিনের ব্যবস্থা করা হয়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ সময় ডেঙ্গু সচেতনতায় যেসব উদ্যোগ নেয়া প্রয়োজন, বিএনপির পক্ষ থেকে সেসব উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
























ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮ সেপ্টেম্বর প্রার্থী ঘোষণা করবে বিএনপি