রুশ ক্ষেপণাস্ত্রে ইউক্রেনীয় টেনিস তারকার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত
- আপডেট সময় : ০১:০৪:১৫ অপরাহ্ন, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 5
ইউক্রেনীয় টেনিস তারকা দিয়ানা ইয়াস্ত্রেমস্কার পরিবারের অ্যাপার্টমেন্টে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের ওদেসা শহরে এই হামলা হয় বলে জানিয়েছেন সাবেক বিশ্ব র্যাঙ্কিংয়ের ২১ নম্বর এই টেনিস খেলোয়াড়।
ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও ও ছবি প্রকাশ করেছেন ইয়াস্ত্রেমস্কা। সেখানে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। তার দাবি, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তাদের অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে।
কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওদেসা রুশ হামলার অন্যতম লক্ষ্য হয়ে আছে। এই শহরেই জন্ম ইয়াস্ত্রেমস্কার। যুদ্ধ শুরুর পরপরই ছোট বোন ইভান্নাকে নিয়ে ইউক্রেন ছেড়ে পালিয়েছিলেন ইয়াস্ত্রেমস্কা। তবে তাদের বাবা-মা দেশেই থেকে যান। ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টের ছবি প্রকাশ করে ইয়াস্ত্রেমস্কা লিখেছেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা।’
নিজের পোস্টে নারী টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনকে (আইটিএফ) ট্যাগ করে তিনি প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক টেনিসের নিরপেক্ষতা নিয়েও। তার দাবি, প্রকাশিত ছবিগুলোই তাদের ‘নিরপেক্ষতার প্রকৃত অর্থ’ দেখিয়ে দিচ্ছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিজ দেশের পতাকা বা পরিচয় ছাড়াই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে রাশিয়া ও বেলারুশের টেনিস ফেডারেশনকে আইটিএফের সদস্যপদ এবং আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ রাখা হয়েছে।
এদিকে শনিবার ইউক্রেনজুড়ে রুশ হামলায় অন্তত ছয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ওদেসা ছাড়াও জাপোরিঝঝিয়া, ক্রিভি রিহ ও ঝিতোমির অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে।
ওদেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, রাতভর হামলায় ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ বলেও জানিয়েছেন তিনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী ইউক্রেনের বন্দর এলাকার শিল্প স্থাপনা ও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ বারবার অস্বীকার করেছে মস্কো।
যুদ্ধের প্রভাব ইয়াস্ত্রেমস্কার পরিবারের ওপর এবারই প্রথম নয়। ২০২৪ সালের জানুয়ারিতেও তিনি জানিয়েছিলেন, ওদেসায় তার দাদির বসবাস করা ভবনে একটি রকেট আঘাত হেনেছিল।
ইউক্রেনের আরেক টেনিস তারকা মার্তা কোস্তিউকও চলতি বছরের মে মাসে জানিয়েছিলেন, কিয়েভে তার বাবা-মায়ের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরের একটি ভবন ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরই ফ্রেঞ্চ ওপেনে নিজের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।
পরে কোস্তিউক বলেছিলেন, ডব্লিউটিএ যুদ্ধের বিষয়টি ভুলে গেছে বলেই যেন তিনি ধরে নিতে শিখেছেন। তবে ডব্লিউটিএ সে সময় রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ‘দ্ব্যর্থহীন’ নিন্দা জানিয়ে বলেছিল, আগ্রাসন শুরুর পর থেকেই তারা ইউক্রেনীয় খেলোয়াড়দের নিয়মিত সমর্থন দিয়ে আসছে।























স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম