ঢাকায় সাফ, বাংলাদেশের সামনে কারা?
- আপডেট সময় : ১১:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 7
আবারও ফুটবলের রঙে রাঙবে ঢাকা! গ্যালারিতে ফিরবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ আট বছর পর বাংলাদেশের মাটিতে ফিরছে এই প্রতিযোগিতা। আর ঘরের মাঠে শিরোপার স্বপ্ন নিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে ভুটানের বিপক্ষে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ছয় দিন পর, ১১ নভেম্বর একই মাঠ ও একই সময়ে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে আপাতত বাংলাদেশের সঙ্গী এই দুই দল।
অন্য গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। তবে গ্রুপের হিসাব এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। ফিফার সাময়িক নিষেধাজ্ঞায় থাকা নেপাল যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারে, তাহলে বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে তারা। নেপাল ফিরলে বদলে যেতে পারে টুর্নামেন্টের সূচিও। সে ক্ষেত্রে এক দিন এগিয়ে ৪ নভেম্বর শুরু হতে পারে সাফের আসর।
৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত-পাকিস্তানের লড়াই দিয়ে শুরু হবে টুর্নামেন্টের মাঠের উত্তাপ। এরপর রাত ৮টায় স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর হবে শেষ চারের দুটি ম্যাচ। প্রথম সেমিফাইনাল শুরু হবে বিকেল ৩টায়, দ্বিতীয়টি রাত সাড়ে ৮টায়। এরপর ১৭ নভেম্বর রাত ৮টায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে সাফের এবারের আসরের।
বাংলাদেশের জন্য অবশ্য এই টুর্নামেন্ট শুধু আরেকটি প্রতিযোগিতা নয়, বরং দীর্ঘ অপেক্ষার অবসানের সুযোগ। সাফে বাংলাদেশের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০৩ সালে, সেটিও ঘরের মাঠে। দুই দশকের বেশি সময় পর এবার আবারও সেই স্মৃতি ফেরানোর সুযোগ সামনে।
সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশে হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর কেটে গেছে আট বছর। এবার আবারও ঢাকায় দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। ঘরের মাঠ, পরিচিত পরিবেশ আর গ্যালারিভরা দর্শক-সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে থাকছে নিজেদের সেরা প্রমাণ করার বড় মঞ্চ!
২০০৩-এর সেই সোনালি স্মৃতি কি আবারও ফিরবে ঢাকায়? উত্তর মিলবে নভেম্বরে, জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায়।
সাফ চ্যাম্পিয়নশিপের সূচি
তারিখ সময় ম্যাচ
৫ নভেম্বর বিকেল ৩:৩০ ভারত-পাকিস্তান
৫ নভেম্বর রাত ৮:০০ বাংলাদেশ-ভুটান
১১ নভেম্বর রাত ৮:০০ বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ নভেম্বর বিকেল ৩:০০ প্রথম সেমিফাইনাল
১৪ নভেম্বর রাত ৮:৩০ দ্বিতীয় সেমিফাইনাল
১৭ নভেম্বর রাত ৮:০০ ফাইনাল

























জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে