শাহজালাল বিমানবন্দরে জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার

- আপডেট সময় : ১২:৩৬:২২ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
- / 0
শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর ৯.৩৪ কেজি স্বর্ণ—কাস্টমস গোয়েন্দার অভিযানে ৮০টি স্বর্ণবার উদ্ধার।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)-এর কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন।
এ সময় দুবাই থেকে আগত Emirates Airlines-এর EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের অভিনব কৌশল—কারা জড়িত, কোথা থেকে এলো এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে শনিবার দিবাগত রাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস। আটক যাত্রীর নাম মি. ইয়াং ডন সিউ। তিনি মালয়েশিয়ার নাগরিক।
কাস্টমস সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর থেকেই ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। পরে তিনি ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার শরীরে বিশেষ কায়দায় বহন করা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে ৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।
স্বর্ণবারগুলো একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় তার শার্টের নিচে শরীরের সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল। ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং স্বর্ণের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কোনো নথি বা দলিলও দেখাতে পারেননি। উভয় ঘটনায়ই ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।























