হামলার জবাবে কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

- আপডেট সময় : ১২:৫৭:০৮ অপরাহ্ন, রোববার, ১ নভেম্বর ২০২৬
- / 13
ইরানের ওপর নতুন করে যেকোনো ধরনের হামলা হলে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করেই তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেন, ‘যেকোনো ধরনের ও মাত্রার আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশের প্রতিরক্ষায় তারা যেকোনো মূল্য দিতে প্রস্তুত।’
শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন আলী আবদোল্লাহি।
এর আগে একই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে নতুন করে যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়ার নির্দেশ দেন। ইরানের সব সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
আলী আবদোল্লাহি সতর্ক করে বলেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে এবার ভিন্ন কৌশলে জবাব দেওয়া হবে। সেই জবাব হবে তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় দেওয়া প্রতিক্রিয়ার চেয়েও কঠোর।’
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান, গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে দেশটির বাহিনী। একই সঙ্গে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও হালনাগাদ করা হচ্ছে।
তিনি বলেন, প্রতিপক্ষের শত্রুতামূলক পদক্ষেপের ইঙ্গিত নিশ্চিত হলে হামলা চালানোর জন্য তাদের অপেক্ষায় থাকবে না ইরানের সশস্ত্র বাহিনী। কখন এবং কীভাবে জবাব দেওয়া হবে, সেই সিদ্ধান্তও তারা নিজেরাই নেবে।
আলী আবদোল্লাহি আরও বলেন, ‘ইরানের জবাব হবে তাৎক্ষণিক ও কার্যকর। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমারেখা বিবেচনা করা হবে না।’ সূত্র: মেহের নিউজ























