পৃথিবীর কক্ষপথে নতুন ‘মিনি মুন’, থাকবে ডিসেম্বর পর্যন্ত

- আপডেট সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 22
পৃথিবীর চারপাশে ঘুরছে নতুন একটি ক্ষুদ্র প্রাকৃতিক উপগ্রহ। প্রায় তিন ফুট আকারের এই মহাজাগতিক বস্তুটি চলতি বছরের এপ্রিল মাসে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে সাময়িক উপগ্রহে পরিণত হয়। তবে ডিসেম্বরের মধ্যেই এটি পৃথিবীর কক্ষপথ ছেড়ে মহাশূন্যে ফিরে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ওই গ্রহাণুটির নাম ২০২৬ কিউকিউ৮। গত ২০ আগস্ট প্রথমবারের মতো এটি শনাক্ত করেন হাঙ্গেরির জ্যোতির্বিদ ক্রিস্তিয়ান সারনেস্কি। ২৯ অক্টোবর মাইনর প্ল্যানেট সেন্টারের এক বিবৃতিতে জানানো হয়, বস্তুটি চলতি বছরের এপ্রিলেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছিল।
প্রাথমিকভাবে জ্যোতির্বিদদের সন্দেহ ছিল, এটি কোনো পুরোনো রকেটের ধ্বংসাবশেষ কিংবা মানুষের তৈরি মহাকাশযানের অংশ হতে পারে। তবে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ২ দশমিক ২ মিটার দূরবীক্ষণযন্ত্র এবং লোয়েল ডিসকভারি দূরবীক্ষণযন্ত্রের তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত হন, বস্তুটি প্রাকৃতিক মহাজাগতিক উৎসের।
গ্রহাণুটি পৃথিবীর চারপাশে প্রচলিত উপগ্রহের মতো নিয়মিত পথে ঘুরছে না। এর কক্ষপথ বেশ জটিল ও আঁকাবাঁকা। পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়লেও ডিসেম্বর নাগাদ এটি সেই আকর্ষণ কাটিয়ে আবার মহাশূন্যে চলে যাবে।
জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এ ধরনের সাময়িক উপগ্রহকে ‘মিনি মুন’ বলা হয়। পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে কোনো ছোট মহাজাগতিক বস্তু সাময়িকভাবে কক্ষপথে প্রবেশ করলে তাকে এ নামে ডাকা হয়। তবে চাঁদের মতো দীর্ঘস্থায়ী উপগ্রহ নয় এগুলো।
























