দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের

- আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 2
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই কাভার্ড ভ্যানের আরোহী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ড ভ্যানচালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা ডাক ও পার্সেল পরিবহনকারী বাংলাদেশ ডাক বিভাগের একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, মহাসড়কে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















