জামানত ছাড়াই মিলবে ঋণ, জেনে নিন কারা-কীভাবে পাবেন?

- আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
জামানত বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেকেই ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না। এবার এসব মানুষের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষের জন্য এক হাজার ৫০০ কোটি টাকার একটি ঋণ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই তহবিল থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না। ঋণের সুদের হার হবে সর্বোচ্চ সাত শতাংশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেন। দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় কারা ঋণ পাবেন, কত টাকা পাবেন এবং কীভাবে ঋণ নিতে হবে, তা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও স্বল্প আয়ের মানুষকে আয় করার সুযোগ তৈরি করে দেওয়া। বিশেষ করে ভূমিহীন কৃষক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং বিভিন্ন পেশার প্রান্তিক মানুষ এ ঋণ পাবেন। এ তহবিল থেকে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এক শতাংশ সুদে টাকা পাবে। পরে গ্রাহকদের কাছে সর্বোচ্চ সাত শতাংশ সুদে ঋণ বিতরণ করবে।
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ ঋণ দিতে পারবে। তবে তাদের মুনাফার হার সাত শতাংশের বেশি হতে পারবে না। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর সময় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস কিস্তি পরিশোধে বিরতি দেওয়া যাবে। গ্রাহকের সুবিধা অনুযায়ী মাসিক, তিন মাস, ছয় মাস বা বছরে একবার কিস্তি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
এ ঋণ প্রাপকদের তালিকায় রয়েছেন—রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার। এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, তাঁতি এবং চা-শ্রমিকরাও ঋণ পাবেন। মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও এ সুবিধা পাবেন। পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্ট, ফ্রিল্যান্সার, নার্সারি, কুটিরশিল্প ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ঋণ নিতে পারবেন।
কৃষকদের মধ্যে প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। কৃষক স্মার্ট কার্ড থাকলে অগ্রাধিকার পাওয়া সহজ হবে। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক কৃষকরা যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও এ ঋণ পাবেন। পাশাপাশি উপকূলীয় ও হাওর এলাকার বাসিন্দা, প্রবাসী কর্মী, রেমিট্যান্স পাওয়া পরিবার, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। এই তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের দিতে হবে।
এ ঋণ প্রকল্পে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। ২৫ বছর বয়স পর্যন্ত অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এ ঋণ নিতে পারবেন। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীরাও এর আওতায় আসবেন। বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য এ ঋণ দেওয়া হবে। পাশাপাশি এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার খরচ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য ঋণ পাওয়া যাবে। তবে এ ক্ষেত্রে অভিভাবককে ঋণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে দুই থেকে পাঁচজন মিলে দল গঠন করলে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা পাবেন। ঋণ পরিশোধের দায়িত্ব সদস্যদের একক ও যৌথভাবে নিতে হবে। ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ দেওয়া যাবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত কোনো প্রসেসিং ফি নেওয়া যাবে না। ঋণের টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। এ বিষয়ে প্রতি তিন মাস পরপর বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে যারা এতদিন ব্যাংকঋণ নিতে পারেননি, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা সহজ শর্তে ঋণ নিয়ে নিজেদের কাজ ও আয়ের সুযোগ বাড়াতে পারবেন।























