কোহলির বিস্ফোরক সেঞ্চুরিতে জিতল ভারত

- আপডেট সময় : ১০:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 9
থিরুভানান্থাপুরামে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ হয়তো ভেবেছিল, ভারতের বিপক্ষে জেতার জন্য ২৯৫ রান ভালো স্কোর। তবে ম্যাচ গড়াতেই তাদের সেই ভুল ভেঙে যায়। শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৫০ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
রোববার টস জিতে অতিথিদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক গিল। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের। জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রাভিস ১৩৫ রানের জুটি গড়েন। ৬২ রানে ক্যাম্পবেল ক্যাচ আউট হয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর গ্রাভিসের সেঞ্চুরি (১০১) ও আমির জাঙ্গোর ৫৮ রানের ওপর ভর করে ২৯৫ রানের পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে কুলদীপ যাদব একাই তুলে নেন ৪ উইকেট।
রান তাড়ায় নেমে শুরুটা ভালোই হয়েছিল ভারতের। তবে ইনিংস বেশিদূর নিয়ে যেতে পারেননি রোহিত শর্মা; ৩২ রান করে ফেরেন তিনি। এরপর দলীয় ৭৪ রান থেকে টেনে ২২৫ রান পর্যন্ত নিয়ে যান গিল ও বিরাট কোহলি। পথিমধ্যে দুজনই সেঞ্চুরির দেখা পান। ৯৮ বলে তিন অঙ্ক (১১০)ক স্পর্শ করে ফেরেন গিল। ৬৭ ইনিংসে ওয়ানডেতে এটি তার দশম সেঞ্চুরি।
১৩৯ রানে অপরাজিত ছিলেন কোহলি। সেই সাথে দারুণ কিছু কীর্তি গড়েন তিনি। অর্জন করেন ১৫ হাজার রানের মাইলফলক। শচীন টেন্ডুলকার ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন ৩৭৭ ইনিংসে। এই কিংবদন্তিকে ছাড়িয়ে কোহলি সেই মাইলফলক ছুঁলেন মাত্র ৩০৩ ইনিংসে। ওয়ানডেতে ৮ হাজার থেকে ১৫ হাজার—সবকটি রানের মাইলফলকেই দ্রুততম এখন কোহলি।
কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে ম্যাচের শুরুতে কোহলির প্রয়োজন ছিল ৫৯ রান। সেটি পূরণ করার পাশাপাশি মাত্র ৭৪ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। ওয়ানডেতে এটি তার ৫৫তম সেঞ্চুরি।


























