মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: মোজতবা খামেনি

- আপডেট সময় : ১১:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 4
বেদনাদায়ক আঘাতের পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। চলমান সংঘাতের অবসানে আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টার মধ্যেই তিনি এ বক্তব্য দিলেন।
মোজতবা খামেনির নামে প্রচারিত বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলা হয়, হরমুজ প্রণালীর যোদ্ধা ও প্রহরীদের হাতে মারাত্মক ও বেদনাদায়ক আঘাত পাওয়ার পর শত্রুরা আর আরব সাগরের সীমানা অতিক্রম করার সাহস দেখাচ্ছে না।
তিনি বলেন, যখনই তারা এ ধরনের ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছে, তখনই নিজেদের জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে। খুব বেশি সময় বাকি নেই, যখন আরব সাগরও তাদের উপস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হবে।
আরব উপদ্বীপ থেকে পূর্বে ভারত পর্যন্ত বিস্তৃত আরব সাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সমুদ্রপথ। এটি ইরানের উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সঙ্গে সরাসরি যুক্ত।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।
সংঘাত শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।
সংঘাত শুরুর পর তেহরান হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারি করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান প্রধান সমুদ্রবন্দরের ওপর অবরোধ আরোপ করে। সূত্র: এএফপি।
























