মার্তিনেজের সফল অস্ত্রোপচার, ফেরার সময় জানালেন নিজেই

- আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬
- / 1
এভারটনের বিপক্ষে ম্যাচে ভয়াবহ চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল এমিলিয়ানো মার্তিনেজকে। পরীক্ষায় চোয়ালের হাড় ভাঙার বিষয়টি ধরা পড়ার পর অস্ত্রোপচারও করাতে হয়েছে আর্জেন্টিনার এই গোলকিপারকে। সফল অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে ফেরার সময় জানিয়েছেন মার্তিনেজ।
শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান মার্তিনেজ। ৬৭তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার জারার্ড ব্রান্থওয়েটের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আঘাত পান চেলসির গোলকিপার। প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাকে তুলে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য সরাসরি হাসপাতালে নেওয়া হয় আর্জেন্টাইন গোলকিপারকে।
পরীক্ষায় ঘাড়, পিঠ ও মাথার খুলিতে গুরুতর সমস্যা ধরা না পড়লেও চোয়ালের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়। এরপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের পোশাক পরা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করেন মার্তিনেজ। হাসপাতালের একটি ছবি প্রকাশ করে নিজের ফেরার সময় জানিয়েছেন মার্তিনেজ।
সেখানে তিনি লেখেন, ‘মেসেজের জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিতেছি এবং গোল হজম করিনি। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা ফিরব।’
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মার্তিনেজের মাঠে ফিরতে প্রায় দেড় মাস সময় লাগতে পারে। ফলে চেলসির হয়ে আসন্ন কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না এই গোলকপার। একইসঙ্গে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচগুলোতেও খেলতে পারবেন না তিনি।
মার্তিনেজের অস্ত্রোপচার সফল হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেজের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাপিয়া লিখেছেন, ‘আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। তোমার জন্য রইল পৃথিবীর সব শক্তি। দূর থেকে অনেক বড় এক আলিঙ্গন। আমার বিশ্বাস, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরবে। ভালো-মন্দ সব সময়েই আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি, বন্ধু।’
























