তাঁবু সরিয়ে ইতিকাফের স্থায়ী কক্ষ বানানো হচ্ছে মসজিদে নববীতে

- আপডেট সময় : ১২:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 29
রমজানের শেষ দশকে ইতিকাফ পালন মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র ইবাদত। এ সময় মুসল্লিরা ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন থাকেন।
এজন্য মসজিদে নববীতে রয়েছে তাঁবুর ব্যবস্থা। তবে সেই তাঁবু আর রাখা হবে না। এবার তাঁবু সরিয়ে সেখানে ইতিকাফের জন্য স্থায়ী কক্ষ বানানো হচ্ছে। মদিনার মসজিদে নববীর (সা.) মতো মহিমান্ব্বিত স্থানে হাজার হাজার মুসল্লির ইতিকাফের ব্যবস্থা করতে পরিকল্পিত অবকাঠামো ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা অপরিহার্য। সেই লক্ষ্যেই এবার বড় পরিবর্তন আসছে। মসজিদে নববীতে ইতিকাফের জন্য স্থায়ী কক্ষ নির্মাণের কাজ চলছে।
নির্মাণকাজে যুক্ত শ্রমিকদের বরাতে জানা গেছে, নতুন ব্যবস্থায় প্রতিবছর তাঁবু স্থাপন ও খুলে ফেলার প্রয়োজন আর থাকবে না। স্থায়ী কাঠামো তৈরি হয়ে গেলে ইতিকাফের ব্যবস্থাপনা আরো সহজ, সুশৃঙ্খল ও স্থায়ী রূপ পাবে। নতুন এই ব্যবস্থাপনায় প্রচলিত অস্থায়ী তাঁবুর পরিবর্তে স্থায়ী কাঠামো ব্যবহার করা হবে। ফলে প্রতিবছরের তাঁবু স্থাপন-অপসারণের ঝামেলা কমবে এবং ইতিকাফের পরিবেশ আরো সুন্দর ও কার্যকর হবে।
নির্মাণস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, মসজিদের একটি অংশের চারপাশে সাদা প্রতিবন্ধক বসানো হয়েছে। সেগুলোতে মসজিদের লোগোর পাশাপাশি কাজ চলার বার্তা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
ওপরে একটি টাওয়ার ক্রেন দাঁড়িয়ে আছে। ছাদের অংশে স্টিলের কাঠামোর ভেতর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের কাজ চলছে। কাছেই এক শ্রমিক ঝালাইয়ের কাজে ব্যস্ত। ছাদের নিচে খোদাই করা পাথরের সারির ফাঁক দিয়ে তারও টানা হচ্ছে। স্থায়ী কক্ষ তৈরি হয়ে গেলে আরো নিরাপদ ও সুবিধাজনক পরিবেশে মুসল্লিরা ইবাদতে মনোযোগ দিতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
























