যুক্তরাষ্ট্রের ডিভি লটারি স্থগিত করে আদালতের রায়

- আপডেট সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, রোববার, ১ নভেম্বর ২০২৬
- / 51
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ২০২৭ সালের ডাইভার্সিটি ভিসা (ডিভি) লটারি নিয়ে বড় ধরনের আইনি জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ক্যালিফোর্নিয়ার একটি উদারপন্থি আপিল আদালত সম্প্রতি নিম্ন আদালতের দেওয়া ডিভি লটারির আবেদন প্রক্রিয়া চালুর নির্দেশ স্থগিত করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এই লটারি স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল, আদালতের এই রায়ের ফলে তা আপাতত বহাল থাকছে। প্রতি বছর নিম্ন-অভিবাসনের দেশগুলো থেকে প্রায় ৫৫ হাজার মানুষ এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়ে থাকেন।
গত নভেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘কিছু পরিবর্তন বাস্তবায়নের’ কথা বলে ডিভি লটারির আবেদন গ্রহণ স্থগিত করেছিলেন। এর এক মাস পরই ব্রাউন ইউনিভার্সিটিতে ভয়াবহ গোলাগুলির ঘটনার জেরে লটারি ভিসা ইস্যু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় পররাষ্ট্র দপ্তর।
২০১৭ সালে ডিভি লটারি বিজয়ী ক্লাউদিও ম্যানুয়েল নেভেস ভ্যালেন্তে নামের এক পর্তুগিজ নাগরিক ব্রাউন ইউনিভার্সিটিতে হামলা চালিয়ে দুজনকে হত্যা ও নয়জনকে আহত করে। এছাড়া ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এক অধ্যাপক খুনের সঙ্গেও ওই হামলাকারীর সম্পৃক্ততা পাওয়া যায়।
এই স্থগিতাদেশের বিরুদ্ধে ‘রেড ইগল’ নামের একটি ইমিগ্রেশন ল ফার্ম মামলা দায়ের করলে ইউএস ডিস্ট্রিক্ট জজ জিনসুক ওহতা লটারি প্রক্রিয়াটি পুনরায় চালুর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নাইনথ সার্কিট কোর্ট অব আপিলস-এর তিন বিচারপতির প্যানেল ৩-০ ভোটের সর্বসম্মতিক্রমে সেই নির্দেশ বাতিল করে দেন।
আদালত পর্যবেক্ষণে জানান, ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করার কোনো আইনগত অধিকার বা ‘স্ট্যান্ডিং’ ওই ল ফার্মের নেই। কারণ ডিভি লটারি কর্মসূচির মূল উদ্দেশ্য অভিবাসনকে উৎসাহিত করা, কোনো ল ফার্মের আয়ের উৎস তৈরি করা নয়। আদালত সতর্ক করে বলেন, এমন কাল্পনিক ক্ষতির ভিত্তিতে মামলা করার অনুমতি দিলে আইনজীবীরা সরকারের ভুল খুঁজতে দেশজুড়ে অহেতুক মামলার বন্যা বইয়ে দেবেন।
তবে আদালত স্পষ্ট করেছেন যে, এই রায় কেবল বিচারিক প্রক্রিয়ার (প্রসিডিউরাল) ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে; পররাষ্ট্র দপ্তর আইন মানতে ব্যর্থ হয়েছে কি না, তা এখানে বিবেচনা করা হয়নি। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই ভিসা লটারি প্রক্রিয়ার তীব্র বিরোধী। তিনি বরাবরই মেধার ভিত্তিতে ভিসা দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে বলে আসছেন, এই লটারির সুযোগ নিয়ে বিভিন্ন দেশ তাদের ‘সবচেয়ে খারাপ’ মানুষদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ করে দেয়।























