যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল, বাংলাদেশের অর্থনীতি ও পোশাক খাতে স্বস্তি ফিরবে?

- আপডেট সময় : ০৪:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 10
ওয়াশিংটনে নতুন মার্কিন কংগ্রেসের আগমন ঘটলেও বাংলাদেশের অর্থনীতি এবং উদীয়মান এশিয়ান বাজারগুলোর জন্য বড় কোনো স্বস্তির বার্তা নিয়ে আসেনি। সাম্প্রতিক মার্কিন নীতি পরিবর্তন, বাণিজ্য বিধি এবং বৈশ্বিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক খাত ও অর্থনীতিতে চাপ অব্যাহত রয়েছে।
মার্কিন বাণিজ্য নীতিতে গত দুই বছরে বারবার পরিবর্তন এসেছে। চলতি বছরের জুলাই মাস থেকে সেকশন ৩০১ (Section 301)-এর আওতায় বেশিরভাগ দেশ ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্কের মুখোমুখি হচ্ছে। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসটিআর (USTR)-এর মূল্যায়নে জোরপূর্বক শ্রমের ব্যবহার রোধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এই শুল্ক আরোপ করা হয়।
যদিও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সামগ্রিক পোশাক শুল্ক কিছুটা কম রয়েছে, তবুও চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া মার্কিন তুলা এবং টেক্সটাইল কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে ৩ বছরের শুল্কমুক্ত কোটার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন কংগ্রেসে ক্ষমতার পালাবদল বা ডেমোক্র্যাটদের প্রভাব মার্কিন প্রশাসনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আনলেও ওয়াশিংটনের দীর্ঘমেউয়াদী বাণিজ্য ও অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আমদানিকৃত জ্বালানির উচ্চমূল্য, শক্তিশালী মার্কিন ডলারের কারণে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ এবং বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা বাংলাদেশের অর্থনীতিকে প্রতিনিয়ত পরীক্ষার মুখে ফেলছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য করণীয় হলো—যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় ও দ্বিদলীয় কূটনৈতিক সম্পর্ক জোরদার করা, অভ্যন্তরীণ কাঠামোগত বাণিজ্য সংস্কার নিশ্চিত করা এবং বৈশ্বিক বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করা।
























