ডিসেম্বরেই জেঁকে বসবে শীত; ৬ শৈত্যপ্রবাহের আশঙ্কা

- আপডেট সময় : ০২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 4
ভোরের কুয়াশা আর রোদের লুকোচুরির মধ্য দিয়ে প্রকৃতিতে বার্তা দিচ্ছে শীত। তবে ডিসেম্বর মাস থেকেই পুরোদমে বাড়তে শুরু করবে শীতের তীব্রতা। এবারের শীতের মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীর বাইরে হিমেল হাওয়ার ছোঁয়া পাওয়া গেলেও ঢাকায় শীতের অনুভূতি আপাতত রাতের মধ্যেই সীমাবদ্ধ। ভোরের প্রকৃতিতে হালকা কুয়াশা এবং ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আনুষ্ঠানিক আগমন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবারের মতো এবারও প্রথম শীতের আবহ অনুভূত হচ্ছে দেশের উত্তরাঞ্চলে। তবে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তনের ফলে স্বাভাবিকের চেয়ে অনুভূত তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে কংক্রিটের নগরী ঢাকায় শীতের উপস্থিতি কিছুটা মৃদু। রাতে হিমেল হাওয়া অনুভূত হলেও দিনে হালকা গরমের অনুভূতি থাকছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সক্রিয় অবস্থায় রয়েছে।
এর প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং দেশের অন্য ছয়টি বিভাগের কিছু বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সাময়িক বৃষ্টির প্রভাব কাটলেই ডিসেম্বর মাস থেকে দ্রুত নামতে শুরু করবে পারদ এবং জেঁকে বসবে তীব্র শীত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শীতের এই মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে ৪ থেকে ৬টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। তাপমাত্রা দ্রুত কমে আসার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ঠাণ্ডার প্রকোপ মারাত্মক রূপ নিতে পারে।






















