পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী

- আপডেট সময় : ০১:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 4
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র নিয়ে আলোচনার চেয়ে তার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এক বিষয় নয়। কারও বিরুদ্ধে অপরাধের মামলা, দণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়া চলমান থাকলে তার প্রত্যর্পণের বিষয়টি সামনে আসে।
শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মামলা রয়েছে এবং বিভিন্ন মামলায় তার সাজা হয়েছে। তাই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা আবু সাঈদ, মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরামসহ অসংখ্য ছাত্র-জনতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-ছাত্রী, রিকশাচালক ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে হবে। তাকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানোর কোনো প্রশ্নই আসে না।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, দিনটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ। এদিনের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়।
তিনি আরও বলেন, এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ নয় বছর আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। পরবর্তী সময়ে শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলেও দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দেন।
রিজভী বলেন, তারেক রহমান লন্ডন থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রযুক্তির মাধ্যমে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থান হয়। ছাত্র-ছাত্রী, শ্রমিক, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য রাজনৈতিক আন্দোলন করেছেন তারা। এখন নারীর ক্ষমতায়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী অনার্স পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ১০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এমপিসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

























