ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব: ইসরায়েল

- আপডেট সময় : ০৩:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 3
শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক কোন পথ দিয়ে আসছে, পরমুহূর্তে কোথায় থাকবে—সেটিই যদি অনুমান করা না যায়, তাহলে সেটিকে ঠেকানো কতটা সম্ভব? ইরানের দাবি, তাদের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিশেষত্বই হলো ‘শত্রুর এই অনিশ্চয়তায় পতিত হওয়া’। একাধিক অ্যালগরিদম ব্যবহার করে উড়ন্ত অবস্থায় গতিপথ বদলাতে পারে এই অত্যাধুনিক অস্ত্র। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা বালালি বলেছেন, ফাত্তাহ-২ একটি নির্দিষ্ট অ্যালগরিদম অনুসরণ করে না। বরং এটি একাধিক পদ্ধতি মেনে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে ক্ষেপণাস্ত্রটি পরবর্তী মুহূর্তে কোথায় থাকবে, তা শত্রুপক্ষের নির্ভুলভাবে অনুমান করা কঠিন। যার কারণে গতিপথ ধরে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে ফাত্তাহ-২কে ধ্বংস করা অসম্ভব।
বালালির আরও দাবি, শত্রুর প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে এই অস্ত্র। এমনকি হামলা কোন দিক থেকে আসছে, তা শনাক্ত করার আগেই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে ফাত্তাহ-২। তিনি এর প্রযুক্তিকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা হিসেবে তুলে ধরেছেন।
২০২৩ সালে প্রথমবারের মতো সামনে আনা ফাত্তাহ-২-কে হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা এইচজিভি হিসেবে বর্ণনা করে তেহরান। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এ ধরনের অস্ত্র উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া থেকে প্রাপ্ত ব্যাপক প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তৈরি করা হয়েছে এই অপ্রতিরোধ্য অস্ত্র।
ক্ষেপণাস্ত্রটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারও করেছে ইরান। চলতি বছরের রক্তক্ষয়ী যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়। একটি ভিডিওতে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের আঘাতের দৃশ্য দেখা যায়। ক্ষেপণাস্ত্রটির গতিপথ ও গতিবেগ রাশিয়ার ‘ওরেশনিক’-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই। ওরেশনিক ২০২৫ সালের জানুয়ারিতে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে মস্কো। এটিতেও রয়েছে ‘হাইপারসনিক গ্লাইড ভেহিকল’ সক্ষমতা।
এর ফলে নতুন করে চিন্তায় পড়ে গেছে ইসরায়েল। দেশটির শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস’-এর প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কি জানান, ফাত্তাহ-২ এর মতো অস্ত্রের বিরুদ্ধে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা আর কার্যকর নয়। ‘ম্যাক ১০’ গতিতে আসা যে কোনো ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা অসম্ভব বলেও জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে তাদের প্রতিষ্ঠান এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে।




















