সুদের হার বৃদ্ধির আশঙ্কায় শক্তিশালী হচ্ছে ডলার

- আপডেট সময় : ০৮:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
আন্তর্জাতিক মুদ্রাবাজারে ১৯ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে মার্কিন ডলার। সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিনিময়মূল্য বাড়ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুদ্রাটির। বিপরীতে দুর্বল অবস্থানে ইউরো-ইয়েনসহ অন্যান্য প্রধান মুদ্রা।
গত দুই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার বেড়েছে ৩৪ বেসিস পয়েন্ট। গত সাড়ে তিন বছরের মধ্যে দুই দিনে এটি ছিলো সর্বোচ্চ বৃদ্ধি। এ হার ৫০ বেসিস পয়েন্টে পৌঁছাতে পারে বলে আভাস মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টদের।
এমন পরিস্থিতিতে বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলারের বিনিময়মূল্য রেকর্ড প্রায় ১২৫ টাকা। বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের সূচক সবশেষ শূণ্য দশমিক শূন্য-পাঁচ শতাংশ কমে ১০৩ দশমিক এক-সাত পয়েন্টে দাঁড়িয়েছে; যা ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি।
অন্যদিকে, এক ডলারের বেশি দর হারিয়ে, গত বছরের এপ্রিলের পর সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ইউরো। ডলারপ্রতি জাপানি মুদ্রার বিনিময়মূল্য ১৬০ ইয়েনের নিচে নামায়, মুদ্রাবাজারে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের আশঙ্কা বেড়েছে।
শিল্পোন্নত ১০ দেশের মধ্যে বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থানে অস্ট্রেলীয় ডলার। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সম্ভাব্য সুদহার বৃদ্ধি, মধ্যপ্রাচ্য সংকট ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে বৈশ্বিক মুদ্রাবাজারে।




















