মৌলভীবাজারের সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

- আপডেট সময় : ০২:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 100
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
নিহতরা হলেন— জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন সম্পর্কে বন্ধু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রমজান উপলক্ষ্যে খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলাচল ছিলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার সময় পিকআপ ও মোটরসাইকেল উভয় যানবাহনেরই গতি তুলনামূলক বেশি ছিল বলে জানান তারা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’






















