ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সুস্থ আছেন, মৃত্যু সংবাদটি গুজব

- আপডেট সময় : ০৬:৩৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 0
ক্ষমতাসীন দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি। তিনি অনেকটা সুস্থ আছেন এবং বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ গুজব।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন। এমনকি নামের মিল থাকায় বিভ্রান্তিতে পড়ে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবর জানানো হয়।
গুজব ছড়ানোর কারণ সম্পর্কে ব্যক্তিগত সহকারী আবির জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দুজনের নাম মিলে যাওয়ায় ভুলবশত রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর তথ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রয়াত আইনজীবী রফিকুল হোসেনের দাফন মিরপুরে সম্পন্ন হবে বলেও জানান তিনি।
বিএনপির এই প্রবীণ নেতার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে আবির বলেন, স্যার আগের চেয়ে ভালো আছেন। তবে বার্ধক্যজনিত বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। যাতায়াতের সুবিধার জন্যই আমরা ধানমন্ডির বাসা ছেড়ে এখন এভারকেয়ারের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা নিয়েছি। চিকিৎসকের পরামর্শে তিনি এখন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে নিয়মিত স্বাস্থ্য চেক-আপের মধ্যে আছেন। তার অসুস্থতার বিষয়টি অবগত হওয়ার পর গত ৩০ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
প্রসঙ্গত, গত বছরের ২ মার্চ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী প্রফেসর ড. শাহিদা রফিক মারা যান। এরপর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে তিনি অনেকটা নিভৃতেই জীবনযাপন করছেন।
























