কথা নয়, কাজ দেখাতে চান নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- আপডেট সময় : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 204
বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তাকুর রহমান এবং প্রথম দিনেই তিনি জানিয়েছেন যে কথা নয়, তিনি কাজ দেখাতে চান।
আজ বৃহস্পতিবারি (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পৌঁছালে ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমানের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে মূল ফটকে অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে তারপর কেন্দ্রীয় ব্যাংকে আসেন।
দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ও প্রধান অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পরে নির্বাহী পরিচালকদের সঙ্গেও বৈঠক করবেন। দুপুর দেড়টায় সচিবালয়ে যাওয়ার সূচিও রয়েছে।
দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি করপোরেট অর্থব্যবস্থা, রপ্তানি ও আর্থিক ব্যবস্থাপনা খাতে কাজ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ী গভর্নর হিসেবে নিয়োগ পেলেন। এর আগে অর্থনীতিবিদ, সাবেক আমলা কিংবা শিক্ষাবিদদের মধ্য থেকেই গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে তাঁর নিয়োগ আর্থিক খাতে নতুন এক দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে।
পোশাক রপ্তানিকারকদের সংগঠনের সদস্য মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জভিত্তিক হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।
দায়িত্বের শুরুতেই সংক্ষিপ্ত বার্তায় কাজকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন নতুন গভর্নর। এখন নজর থাকবে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণ ও আর্থিক খাতের ব্যবস্থাপনায় তিনি কী ধরনের পদক্ষেপ নেন।
এর আগে, গতকাল বুধবার বিকেলে আগের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারির পাশাপাশি মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন জারির পরদিনই তিনি প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করে তার দায়িত্বভার বুঝে নেন।






















এটি আমাদের জন্য ঐতিহাসিক রাত: নরওয়ের কোচ