বিশ্বকাপের আগে দুঃসময়ে আর্জেন্টিনা
- আপডেট সময় : ১২:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 34
ফিফা ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই যেন বাড়ছে আর্জেন্টিনার দুশ্চিন্তা। একের পর এক চোটে পড়ছেন ফুটবলাররা। যা হয়তো বড় ধাক্কা হয়ে আসতে পারে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময়।
আর্জেন্টিনার বাড়তে থাকা চোটের তালিকায় সবশেষ সংযোজন ক্রিশ্চিয়ান রোমেরো। তার আগে চোটে পড়েছেন লাউতারো মার্তিনেস, এমিলিয়ানো মার্তিনেস ও লিসান্দ্রো মার্তিনেস। সব মিলিয়ে ক্রমাগত নেতিবাচক খবরই যেন পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয় রোমেরোর টটেনহ্যাম হটস্পার। ০-১ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে গুরুতর ব্যথা পান রোমেরো।
পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার রক্ষণভাগের এই প্রাণভোমরা। তাৎক্ষণিকভাবে চোটের তীব্রতা বোঝা যায়নি। কিন্তু মাঠ ছাড়ার সময় রোমেরোর কান্নাভেজা চাহনিতে ইঙ্গিত ছিল, হয়তো বড় কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে তার ও আর্জেন্টিনার জন্য।
টটেনহ্যামের ম্যাচের আগের দিন নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। ভিলার হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। কিন্তু ওয়ার্ম-আপের সময় চোট পাওয়ায় আর মাঠে নামেননি আর্জেন্টাইন তারকা।
অন্য দিকে পেশির পুরোনো চোট আবার ফিরে এসেছে লাউতারো মার্তিনেসের। সম্প্রতি এই চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু পুরোনো চোটের পাশাপাশি আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তাও ফিরে এসেছে তার।
রোমেরো, এমিলিয়ানো ও লাউতারোর মতো লিসান্দ্রোর ক্ষেত্রে অবশ্য দুশ্চিন্তা অত বেশি নয়। প্রায় দুই মাস চোটের কারণে বাইরে থাকার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে ফেরার কথা রয়েছে রক্ষণভাগের এই বড় ভরসার। তাকে নিয়ে ঝুঁকি নিতে চান ইউনাইটেড কোচ।
তবে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তা এখনই শেষ হচ্ছে না। কারণ বিশ্বকাপের এখন আর দুই মাসও বাকি নেই। আগামী ১৬ জুন ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে আগামী ৩০ মে তারিখের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপ স্কোয়াড। তাই দ্রুত সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে না ফিরলে, শিরোপা ধরে রাখা কঠিনই হতে পারে আর্জেন্টিনার জন্য।

























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই