ইইউ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়: আমির খসরু
- আপডেট সময় : ০৫:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 71
একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।
আজ (বুধবার, ৮ অক্টোবর) গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। যেখানে বাংলাদেশের আগামী নির্বাচন ও ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্যসহ আগামী দিনের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব
আমীর খসরু বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন সব সময় বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার পাশে থেকেছে। এবারও তারা পর্যবেক্ষক দল পাঠাবে। তারা চায়, আসন্ন নির্বাচনটি যেন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়।’
তিনি আরও বলেন, ‘ইইউ চায় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করতে। গণতান্ত্রিক সংস্কৃতি, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় তারা গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে।’
নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক চলছে, সে বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনকে ঘিরে যেসব বিষয় জড়িত—এখনই সেগুলো নির্বাচন কমিশনের জানা ও তাতে কমিশনের ভূমিকা থাকা উচিত।’
রাষ্ট্রদূতদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘কে কার সঙ্গে দেখা করছে, সেটা তাদের বিষয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। আমরা চাই, জনগণের ম্যান্ডেটই হোক একমাত্র সিদ্ধান্ত।’
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত আজ যে জায়গায় এসেছে, তার পেছনে ইইউর ডিউটি-ফ্রি বাজার সুবিধা বড় ভূমিকা রেখেছে। তারা এই সহযোগিতা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।’





















মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী