সাইবার হামলার শঙ্কায় সব বিমানবন্দরে সতর্কতা জারি

- আপডেট সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 41
বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে গত সপ্তাহে সংস্থাটি সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে ১০টি বিশেষ নির্দেশনা।
বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে পাঠানো হয়।
বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ ৯ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইবার হামলার বিষয়ে সতর্কতা অবলম্বন ও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বেশকিছু বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে। বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো। এ ছাড়াও সাইবার সিকিউরিটি-সংক্রান্ত যে কোনো উদ্ভূত সমস্যা দেখা দিলে বেবিচকের গঠিত সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে তাৎক্ষণিকভাবে জানাতে বলা হয়।
৫ শতাংশ নারী প্রার্থীসহ ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি
বেবিচকের সদস্য এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান (পরিকল্পনা ও পরিচালনা) স্বাক্ষরিত চিঠিতে বিমানবন্দরগুলোকে দেওয়া ১০ নির্দেশনার মধ্যে রয়েছে- শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা; অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা; হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ অন্য সামাজিক মাধ্যমে অবাঞ্ছিত বা সন্দেহজনক লিংক কিংবা অ্যাটাচমেন্টে ক্লিক করা থেকে বিরত থাকা; সফটওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা; পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার না করা; অফিশিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল না করা; মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করা; দাপ্তরিক কাজে বেবিচকের ইমেইল অ্যাড্রেস ব্যবহার করা; গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা এবং পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।
এছাড়া, কোনো সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচক সূত্রে আরও জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে হামলার পর সেখানে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় আরও বলা হয়, বেবিচকের ওয়েবসাইট সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছিল। ফলে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জরুরি ভিত্তিতে বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়নের পরামর্শ দেয়। এজন্য দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলেও সভায় জানানো হয়েছে।
























