গুমের মামলায় সশরীরে নয়, ভার্চুয়াল হাজিরা দিতে চান সেনা কর্মকর্তারা
- আপডেট সময় : ১২:০১:৫০ অপরাহ্ন, রোববার, ২৩ নভেম্বর ২০২৫
- / 69
আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বিরোধী মতের ব্যক্তিদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলার শুনানি চলছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা।
গ্রেপ্তারকৃত ১৩ জন সেনা কর্মকর্তা, যাদের মধ্যে র্যাব এবং ডিজিএফআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন, আদালতে সশরীরে উপস্থিত হওয়ার পরিবর্তে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার জন্য আবেদন করেছেন। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আসামিপক্ষে আইনজীবী মাইদুল ইসলাম পলক এই আবেদন জমা দেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই মামলার শুনানি নিচ্ছেন। শুনানিতে গ্রেপ্তারি পরোয়ানা ফেরতসংক্রান্ত প্রতিবেদন দাখিল এবং পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় প্রতিরক্ষা আইনজীবী) নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস
গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তারা হলেন: ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
এদিকে, গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন।






















বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী